রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

এমন কোনো লোভ নেই, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২১:৪৯

ছবি: সংগৃহীত

বিভিন্ন প্রলোভন দেখিয়েও তাকে টলানো যায়নি বলে দাবি করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তার ভাষ্য, এমন কোনো লোভ নেই যা তাকে দেখানো হয়নি, তবে তিনি সেসব প্রস্তাবে সাড়া দেননি।

শনিবার সকালে ভোলার সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, তিনি যদি ওই প্রস্তাবগুলো মেনে নিতেন, তাহলে ক্ষমতার দিক থেকে অনেক উঁচু অবস্থানে থাকতে পারতেন। তবে বয়স ও নীতির কথা বিবেচনা করে তিনি সে পথে হাঁটেননি।

তিনি আরও জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের বিশ্বাস ও আদর্শ থেকেই পথ চলেছেন। যেটা সত্য মনে হয়েছে, সেটাই প্রকাশ্যে বলেছেন। এ কারণে বিভিন্ন সময় নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

স্পিকারের দাবি, অতীতেও তাকে দল ছাড়ার জন্য চাপ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে আসেননি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি সবসময় অনুগত ছিলেন। দলীয় রাজনীতিতে সিনিয়র হয়েও অনেক ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে এসব বিষয় নিয়ে কখনো হতাশ হননি জানিয়ে তিনি বলেন, তার প্রধান লক্ষ্য ছিল জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা। সাম্প্রতিক নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরে তিনি সন্তুষ্ট বলেও জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্পিকার বলেন, ব্যক্তিগতভাবে খুব বেশি যোগাযোগ না থাকলেও তাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top