মঙ্গল শোভাযাত্রা ইস্যুতে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজতে ইসলাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১০:১৮
পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে সংস্কৃতিমন্ত্রীর বক্তব্যকে ‘সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না বলে যে মন্তব্য করেছেন, তা আসন্ন পহেলা বৈশাখে ‘আনন্দ শোভাযাত্রা’র পরিবর্তে পুরোনো নাম পুনর্বহালের ইঙ্গিত দেয়।
হেফাজতের দাবি, ‘আনন্দ শোভাযাত্রা’ ও ‘মঙ্গল শোভাযাত্রা’ এক নয়—এ দুটি বিষয়কে এক করে দেখানো বিভ্রান্তিকর। একই সঙ্গে তারা অভিযোগ করে, মন্ত্রীর বক্তব্যে সাম্প্রদায়িক উসকানির উপাদান রয়েছে।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিমন্ত্রী বলেন, এবারও চিরায়ত ধারায় পহেলা বৈশাখ উদযাপন করা হবে এবং ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না।
বিবৃতিতে হেফাজতে ইসলাম আরও দাবি করে, ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আয়োজন জাতীয় উৎসবের অংশ হিসেবে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
সংগঠনটি জানায়, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তারা তা প্রতিহত করবে। পাশাপাশি তারা নিজেদের সাম্প্রদায়িকতার বিরোধী বলে উল্লেখ করে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে ‘আধিপত্যবাদী প্রভাব’ প্রতিরোধের কথাও তুলে ধরে।
উল্লেখ্য, পহেলা বৈশাখে শোভাযাত্রা আয়োজনের ধারাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে শুরু হয় এবং সময়ের সঙ্গে এর নাম ও উপস্থাপনায় পরিবর্তন এসেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।