মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে রাতে পরপর তিন বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার | ঢাকা | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ২২:৪১

ছবি: সংগৃহীত

সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পরপর তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় পৃথক চারটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব ঘটনা রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত সময়ের মধ্যে ঘটে।

রাত ১২টা ৫৪ মিনিটে প্রথম অগ্নিকাণ্ড ঘটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই রাতে রাত ২টা ৩৫ মিনিটে বসুন্ধরা গেট সংলগ্ন ১০০ ফিট রোড এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সবশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দল ৪টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে পুড়ে যাওয়া তিনটি বাসই রাস্তার পাশে পার্কিং করা ছিল। এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনাগুলোতে স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top