ঈদের আগে রাজধানীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির তাণ্ডব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:৩৩

ছবি: সংগৃহীত

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশে লক্ষ্য করা গেছে বড় ধরনের পরিবর্তন। আকাশ জুড়ে কুচকানো কালো মেঘের উপস্থিতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়ে ওঠে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে আকাশের কালো মেঘ আরও ঘন হয়ে দমকা হাওয়ার সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ঝড় আরও তীব্র আকার ধারণ করে।

কিছু এলাকায় বেলা ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনা লক্ষ্য করা গেছে। ঈদের আগে রাজধানী ত্যাগ করেছেন অনেক মানুষ, আর যারা শহরে রয়েছেন তারা ঝড়ের সময় ঘরে অবস্থান করছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top