শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

যমুনা অভিমুখে পদযাত্রায় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩০

সাংবাদিক আবু সালেহ মুসা ও ওয়াসিমুল বারী সিয়াম । ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক পুলিশের হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নিউজ ফ্ল্যাশের মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়াসিমুল বারী সিয়াম এবং যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। এ সময় নারীদের ওপরও লাঠিচার্জের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে ভিডিও ধারণকালে সাংবাদিক আবু সালেহ মুসাকে লক্ষ্য করে এক পুলিশ সদস্য হামলা চালান। এতে তার হাতে থাকা স্মার্টফোনটি পড়ে ভেঙে যায়। লাঠির আঘাতে তিনি মাটিতে বসে পড়লে আরও কয়েকজন পুলিশ সদস্য মারধরে অংশ নেন বলে অভিযোগ করা হয়। হামলায় মুসার হাতের আঙুলে ফ্র্যাকচারসহ পিঠ ও পাঁজরে গুরুতর আঘাত লাগে।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলার ঘটনায় সাংবাদিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গণমাধ্যমকর্মীদের একটি অংশের দাবি, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কিংবা পরিস্থিতি অস্থিতিশীল করতে ইচ্ছাকৃতভাবে কিছু পুলিশ সদস্য সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top