বাড্ডায় কারখানায় আগুন, মালিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১২

সংগৃহীত

রাজধানীর বাড্ডা সাঁতারকুল মুন্সিবাড়ি এলাকায় একটি ম্যাট্রেস তৈরি কারখানায় আগুনের ঘটনায় মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীন জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কারখানায় আগুন লাগে। সাড়ে ৭টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শুরুতে আহত কয়েকজন ছাড়া কোনও মৃত্যুর খবর বা মরদেহ পাওয়া যায়নি। পরে বিকালে পুড়ে যাওয়া মালামাল সরানোর সময় একটি সম্পূর্ণ পোড়া মরদেহ পাওয়া যায়, যা কারখানা মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের বলে নিশ্চিত হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিমুজ্জামান শরীফ কালিম বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মো. নাছির উদ্দীন শরিফ ও জিন্নাতুন নেসারের ছেলে। তিনি তিন বছরের এক ছেলে সন্তানের জনক। পরিবারসহ বর্তমানে সাঁতারকুল মুন্সিবাড়ি খালপাড় পদরদিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্ত্রী রিতু বলেন, মাঝেমধ্যে তিনি রাতে তার কারখানার তৃতীয় তলায় একটি রুমে থাকতেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ শনাক্ত করা গেলেও ডিএনএ পরীক্ষার মাধ্যমে সঠিক পরিচয় নিশ্চিত করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top