শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

পুরান ঢাকায় মধ্যরাতে এসি বিস্ফোরণে ভয়াবহ আগুন, দগ্ধ ৩

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি আবাসিক ভবনে শীতাতপ যন্ত্র বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো তলায় ঘন ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন এবং খবর দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি।

আহতদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় তৃতীয় তলার জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে যায় এবং ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে।

প্রাথমিকভাবে দমকল কর্মকর্তারা ধারণা করছেন, শীতাতপ যন্ত্রের যান্ত্রিক ত্রুটি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top