রাজধানীর শান্তিনগরে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২৪
রাজধানীর শান্তিনগর এলাকায় একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মোনাফ। তিনি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক কাজে গত ২৫ ফেব্রুয়ারি তিনি শান্তিনগর স্কয়ার পার্ক এলাকায় তার বন্ধু তোফায়েল আহমেদের বাসায় ওঠেন। তবে ওই সময় তোফায়েল আহমেদ কক্সবাজারে অবস্থান করছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক মো. আলিম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে দেহটি ঝুলছিল।
উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মৃতের পরিবারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।