বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশেষ উদ্যোগ নিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:৫২
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
দপ্তর আদেশে জানানো হয়েছে, ডিএসসিসি কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি সরবরাহ ৩০ শতাংশ কমিয়ে আনা হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত যানবাহনের জ্বালানি ব্যবহারের পরিমাণও ২০ শতাংশ হ্রাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ি ব্যবহার সীমিত করতে হবে।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস ও দপ্তরে অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে:
- দিনের আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করা; জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা।
- অফিসের বাতির অর্ধেক ব্যবহার নিশ্চিত করা ও অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা।
- ফ্যান, এয়ার কন্ডিশনারসহ বৈদ্যুতিক যন্ত্র প্রয়োজন ছাড়া চালানো যাবে না।
- এয়ার কন্ডিশনার ব্যবহার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।
- অফিস ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ রাখতে হবে; করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার না করার নির্দেশ।
- অফিসের সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা; আলংকারিক আলোকসজ্জা ব্যবহার না করা।
ডিএসসিসি প্রশাসক এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য সকল বিভাগ ও আঞ্চলিক অফিসকে নির্দেশ দিয়েছেন। সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত দপ্তর আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।