যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারা আলমের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩০
যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তাঁর পক্ষে নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে জাহানারা আলমকে কিছুই জানায়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কোনো অনুলিপিও তাঁকে সরবরাহ করা হয়নি। যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা হতাশাজনক বলে উল্লেখ করা হয়।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা আলম স্বস্তি অনুভব করলেও প্রতিবেদনের স্বচ্ছতার অভাবে তিনি হতাশ। গত ৪ ফেব্রুয়ারি বিসিবির এক বিবৃতির প্রেক্ষিতেই জাহানারার পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, তদন্ত প্রতিবেদন সম্পর্কে স্পষ্টিকরণ চেয়ে বিসিবির কাছে ইমেইল পাঠানো হলে বোর্ড জানায়, প্রতিবেদনটি বর্তমানে তাদের লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে। তবে জাহানারা আলমকে আদৌ এই প্রতিবেদন দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত উত্তর দেয়নি বিসিবি।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছিল, তদন্ত কমিটির কাছে জাহানারা আলমের করা চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণও মিলেছে। তবে কোন কোন অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সেগুলোর পক্ষে কী তথ্যগত ভিত্তি রয়েছে—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড।
জাহানারা আলমের পক্ষ থেকে অভিযোগগুলোর গুরুতর প্রকৃতি বিবেচনায় বিসিবির এই অস্পষ্ট অবস্থানকে হতাশাজনক বলা হয়েছে। পাশাপাশি বিসিবির এই দাবিরও প্রতিবাদ জানানো হয় যে, অনুসন্ধান কমিটি জাহানারার অভিযোগের ভিত্তিতে নয়, নিজস্ব উদ্যোগে গঠিত হয়েছিল। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, কমিটিটি মূলত জাহানারা আলমের করা যৌন হয়রানি সংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের উদ্দেশ্যেই গঠিত হয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।