বিশ্বকাপ না খেলায় শাস্তি পাচ্ছে না বিসিবি, উল্টো আইসিসির কাছ থেকে পাচ্ছে পুরস্কার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জরিমানা বা নিষেধাজ্ঞার বদলে উল্টো বাংলাদেশের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই দেশটিকে আরও একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আইসিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে রোববার ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তকে কেন্দ্র করে আইসিসির সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিবি। বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার অনুরোধ জানানো হয়েছে। এরপরই বাংলাদেশ সংক্রান্ত সিদ্ধান্তগুলো প্রকাশ করে আইসিসি।
আইসিসি জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া এই বৈঠকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের না থাকাকে ‘দুর্ভাগ্যজনক’ বললেও আইসিসি স্পষ্ট করেছে—এ সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারে কোনো পরিবর্তন আসবে না।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিসিবি ভারতের বদলে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তাতে সম্মতি দেয়নি। এর পরিপ্রেক্ষিতেই বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের রয়েছে শক্তিশালী ক্রিকেট ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেট বিকাশে দেশটির অবদান গুরুত্বপূর্ণ। ২০ কোটির বেশি সমর্থক নিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রাণবন্ত ক্রিকেট বাজার—এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে সংস্থাটি।
বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে, বিশ্বকাপে না খেলায় বর্তমান পরিস্থিতিতে বোর্ডের ওপর কোনো আর্থিক, প্রশাসনিক বা খেলাসংক্রান্ত শাস্তি আরোপ করা হবে না। একই সঙ্গে আইসিসির বিধিমালা অনুযায়ী বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হওয়ার অধিকারও বহাল থাকবে।
এ ছাড়া আইসিসি, বিসিবি ও পিসিবির মধ্যে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে—২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে এই আয়োজন আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্তের আওতায় থাকবে।
উল্লেখ্য, ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে বাংলাদেশের। আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তা বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও এটি বাংলাদেশকে একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে গড়ে তুলতে আইসিসির অঙ্গীকারকে দুর্বল করবে না। বাংলাদেশের ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ বাড়াতে আইসিসি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করে যাবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।