যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত, মঞ্জুরুল ইসলামকে বিসিবির নিষেধাজ্ঞা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৭
যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ক্রিকেটার ও জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম-কে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার অনুষ্ঠিত বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম-এর করা অভিযোগের ভিত্তিতে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি দীর্ঘ অনুসন্ধানের পর অভিযোগের আংশিক সত্যতা পায়। জানা গেছে, জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে বোর্ড এই কঠোর পদক্ষেপ নেয়।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে মঞ্জুরুল ইসলাম চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফেরার পর কিংবা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
এদিকে, জাহানারা আলম ব্যক্তিগতভাবে আইনি ব্যবস্থা নিতে চাইলে বিসিবি তাকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে বলেও জানা গেছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটের পরিবেশ সুরক্ষিত রাখার স্বার্থেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।