পাকিস্তানের বিপক্ষে বড় লড়াইয়ে ভারতই ফেভারিট: সৌরভ গাঙ্গুলি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আসন্ন মহারণে ভারতকেই এগিয়ে রাখছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচটিকে তিনি ‘বড় বিশ্বকাপ লড়াই’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, পাকিস্তানের জন্য ভারতকে হারানো সহজ হবে না।
গাঙ্গুলি বলেন, “এটি বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারির লড়াইয়ে পাকিস্তানের জন্য ভারতকে পরাজিত করা সহজ কাজ নয়। ভারত খুবই শক্তিশালী দল।”
তার মতে, বর্তমান ভারতীয় স্কোয়াডের ভারসাম্য, ব্যাটিংয়ের গভীরতা এবং বোলিং আক্রমণ—সব মিলিয়ে ভারত ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
টুর্নামেন্টের শুরু নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, “এবারের আসরে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নেদারল্যান্ডস, স্কটল্যান্ড কিংবা নেপাল—সব দলই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে।”
ভারতীয় দলে তার পছন্দের খেলোয়াড়দের তালিকায় রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, জাসপ্রিত বুমরাহ ও ইশান কিষান। বিশেষ করে বুমরাহর ডেথ ওভারের বোলিং এবং সূর্যকুমারের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি।
এরই মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছে ভারত। ওই ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবের অপরাজিত ৮৪ রানের ইনিংস ছিল জয়ের মূল চাবিকাঠি।
গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বে উত্তেজনা তুঙ্গে। গাঙ্গুলীর মতে, চাপ সামলে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেই ফেভারিটের তকমার যথার্থতা প্রমাণ করবে ভারত।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।