ইরানে কতদিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলবে, জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১০:৫৯
বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর। গত ২৮ ফেব্রুয়ারি সারাদিন বিষয়টি অস্বীকার করা হলেও শেষ পর্যন্ত তা স্বীকার করে ইরান সরকার। তার মৃত্যুতে দেশে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত থাকবে।
রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প খামেনির মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি নিহত হয়েছেন। তার দাবি, খামেনির নেতৃত্বে বহু মার্কিনি ও বিভিন্ন দেশের নাগরিক হত্যা ও পঙ্গুত্বের শিকার হয়েছেন।
ট্রাম্প আরও বলেন, উন্নত গোয়েন্দা নজরদারি ও সমন্বিত অভিযানের মাধ্যমে এ হামলা পরিচালিত হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে এমন অভিযান চালানো হয়েছে, যাতে খামেনি বা তার সহযোগীদের প্রতিরোধের সুযোগ ছিল না বলেও দাবি করেন তিনি।
তিনি দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে অনিচ্ছুক এবং তারা নিরাপত্তা কিংবা ক্ষমা প্রার্থনা করছে। ট্রাম্প বলেন, এখনই আত্মসমর্পণের সুযোগ রয়েছে, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী দেশপ্রেমিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন পথে এগিয়ে নেবে। একইসঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ভারী আকাশ হামলা পুরো সপ্তাহজুড়ে বা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। ওই হামলাতেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ধ্বংসস্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উপগ্রহচিত্রে দেখা গেছে, খামেনির প্রাসাদ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।