রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরান থেকে পাকিস্তানিদের ফিরিয়ে আনার নির্দেশ শেহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৩:৩৯

ছবি: সংগৃহীত

ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে বলেছেন।

রোববার (১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা হামলার পর সৃষ্ট সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে ইরান সফররত পাকিস্তানি নাগরিকদের প্রসঙ্গ তুলে ধরে শেহবাজ শরীফ বলেন, আজারবাইজান হয়ে সবাইকে নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে আনা উচিত। এ লক্ষ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে আজারবাইজান সরকারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন।

এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রতিষ্ঠানকে কার্যকর ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সব প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয় ও সম্প্রীতির মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি জানান, সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান সৈয়দ আসিম মুনির-এর নেতৃত্বে সশস্ত্র বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের প্রতি সমগ্র জাতি গভীর শ্রদ্ধা জানায়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top