খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৩:০৪
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।
রোববার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক জানান তিনি। পোস্টে তিনি লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”
জামায়াত আমির আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি আরও সামরিক উত্তেজনার দিকে গেলে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এই নেতা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।
সবশেষে তিনি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।