ইরানের সর্বোচ্চ নেতা হত্যায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৮:৫৪
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
রোববার (১ মার্চ) ইরান কর্তৃপক্ষ সর্বোচ্চ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেওয়া এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম।
বিবৃতিতে নাঈম কাসেম বলেন, “মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের দায়িত্ব শিগগিরই পালন করব।” একই সঙ্গে তিনি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া এবং মার্কিন আগ্রাসন রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
হিজবুল্লাহ প্রধানের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সমর্থনে যেকোনো সময় এই যুদ্ধে সরাসরি শামিল হতে পারে হিজবুল্লাহ। তারা ইসরায়েলসহ মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সংঘাতের পরিধি লেবানন পর্যন্ত বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্ক করে বলেছেন, তার দেশ নতুন করে কোনো সংঘাতে জড়াতে চায় না। লেবাননের নিরাপত্তা রক্ষার স্বার্থে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
নিজের এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি লেবাননবাসীর প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। একই সঙ্গে তিনি তার দেশে বিদেশি কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন।
সূত্র: স্কাই নিউজ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।