ইরানে এক রাতে ২৩০টি বোমা-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:২২
ইরানে রাতভর ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় দেশটির ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরাইলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা।
তবে এসব স্থাপনা ইরানের ঠিক কোন এলাকায় অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ।
হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।