সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৬:০২

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান পরিস্থিতিতে যদি মার্কিন মিত্ররা হরমুজ প্রণালী খুলে দিতে সহায়তা না করে, তাহলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে।

সপ্তাহান্তে হরমুজ প্রণালী সুরক্ষিত রাখতে মিত্র দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানান ট্রাম্প। এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেমন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করেছে, তেমনি ইউরোপও হরমুজ প্রণালী নিরাপদ রাখতে এগিয়ে আসবে বলে তিনি আশা করছেন। প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, যদি কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায় কিংবা কেউ সহায়তা পাঠাতে অস্বীকার করে, তাহলে সেটি ন্যাটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে। দীর্ঘদিন ধরেই তিনি অভিযোগ করে আসছেন, এই সামরিক জোট যুক্তরাষ্ট্রের অর্থের ওপর নির্ভর করে অনেকটাই স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর সুবিধাভোগী দেশগুলোরই সেখানে কোনো অঘটন না ঘটে তা নিশ্চিত করতে ভূমিকা রাখা উচিত।

কী ধরনের সহায়তা প্রয়োজন এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সমুদ্রের মাইন অপসারণকারী জাহাজের পাশাপাশি এমন লোকজনও দরকার, যারা ইরানের উপকূলে থাকা ক্ষতিকর শক্তিকে সরিয়ে দিতে সক্ষম হবে।

ট্রাম্প জানান, হরমুজ প্রণালী সুরক্ষার বিষয়ে তিনি সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সংঘাতের অবসান ঘটাতে তেহরান আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত কি না—সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ব তেলবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ঝুঁকির কারণে গত দুই সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top