বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯

বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী কোনোভাবে রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশ আর স্বাধীন থাকবে না, দেশটি সরাসরি পাকিস্তানে পরিণত হবে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-৪ আসনের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনা মোতায়েন করা হবে। জামায়াতের রাজাকার ও আলবদরদের নিয়ে দেশকে আবারও ১৯৭১ সালের মতো অরাজক পরিস্থিতিতে ঠেলে দেওয়া হবে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, তখন সাধারণ মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না এবং দেশের মা-বোনদের সম্মানও বিপন্ন হবে। তিনি বলেন, “আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, কিন্তু জামায়াতকে ভোট দিয়ে দেশকে পাকিস্তান বানাবেন না।”

জামায়াতের নেতাকর্মীদের আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, একদিকে তারা দাবি করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, অন্যদিকে তাদেরই নেতারা তারেক রহমানকে দেশছাড়া করার হুমকি দেয়। এ ধরনের বক্তব্যকে তিনি চরম বেয়াদবি ও বেইমানি হিসেবে আখ্যায়িত করেন।

ভোটের রাজনীতিতে জামায়াতের অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করে ফজলুর রহমান বলেন, সুষ্ঠু ভোট হলে দলটি ১০ শতাংশ ভোট পাবে কিনা, সেটিও প্রশ্নের বিষয়। তিনি বলেন, জামায়াতের প্রকৃত কর্মী ও ভোটার কোথায় সেটাই বোঝা যায় না।

নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে তিনি আরও বলেন, জামায়াত প্রথমে বোরকা পরা নারীদের দিয়ে শিশুদের বিস্কুট ও চকলেট বিতরণ করে, পরে মায়েদের বলা হয় ভোট দিলে বেহেশতের টিকিট মিলবে। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, বেহেশতের মালিক একমাত্র আল্লাহ, কেউ আল্লাহ সাজার চেষ্টা করলে তার পরিণতি ভালো হয় না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top