বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

আলোচিত ইস্যুতে খোলামেলা অপু বিশ্বাস, ট্রল ও সম্মান নিয়ে স্পষ্ট বক্তব্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬

অপু বিশ্বাস ও শাকিব খান। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের বিভিন্ন আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রল সংস্কৃতি, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধনে অংশ নেওয়া নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

শাকিব খানের প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস তুলনা বা অপ্রাসঙ্গিক প্রশ্নকে নিরুৎসাহিত করেন। তার ভাষায়, “উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। উনাকে সম্মান করা উচিত। উনার অবস্থান অনেক উঁচুতে। আমি বলব, চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে—এটাই সবচেয়ে ইতিবাচক দিক।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, পরিচিত মুখদের নিয়েই সাধারণত বেশি ট্রল তৈরি হয়। “দেশের বড় বড় ব্যক্তিত্বদের নিয়েও ট্রল হয়। যাদের মুখ বেশি পরিচিত, তাদের নিয়ে কনটেন্ট বানালে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার জন্যই অনেক সময় আমাকে নিয়েও এমন করা হয়।”—মন্তব্য তার।

নিজের ব্যক্তিত্ব সম্পর্কে অপু বিশ্বাসের দাবি, তিনি বরাবরই সরল ও খোলামেলা। “মিথ্যা বলতে জানি না। যখন যা মনে হয়, সেটাই বলি। দর্শকরাও জানেন অপু বিশ্বাস অনেক সহজ-সরল মানুষ।”—যোগ করেন তিনি।

শোরুম উদ্বোধন বা ফিতা কাটা অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার জবাবও দেন এই নায়িকা। তার মতে, কোনো কাজই ছোট নয়। “আমরা শিল্পী, আমাদের উপস্থিতির মধ্য দিয়ে মানুষ যুক্ত হন। একটি ওপেনিং থেকেও অনেকের কাছে বার্তা পৌঁছায়।”—বলেন অপু।

সব মিলিয়ে ট্রল সংস্কৃতি থেকে শুরু করে সহশিল্পীদের প্রতি সম্মান—বিভিন্ন বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এলেন অপু বিশ্বাস।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top