ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট, আজ শুনানি
আইন আদালত ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত করার দাবি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক। রিটে তাঁর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
রিটটি করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ। রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা কালের কণ্ঠকে জানিয়েছেন, “নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পর কমনওয়েলথ অব ডমিনিকের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাঁর পাসপোর্টে ডমিনিকের নাগরিকত্বের তথ্য উল্লেখ থাকলেও নির্বাচনী হলফনামায় তা গোপন করা হয়েছে। সংবিধানের ৬৬(২)(গ) অনুযায়ী, বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী কেউ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না।”
মোহাম্মদ মজনু মোল্যা আরও জানান, আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
রিটে সংবিধানের ৬৬(২)(গ) অনুযায়ী নাহিদ ইসলামের প্রার্থিতা এবং তাঁকে বরাদ্দ দেওয়া ‘শাপলা কলি’ প্রতীক কেন বাতিল করা হবে না তা জানতে রুল জারি করার অনুরোধ করা হয়েছে। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করলে, রুল বিচারাধীন থাকা অবস্থায় নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।