ত্রয়োদশ জাতীয় সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনে আলোচনায় এডভোকেট রুবিনা আক্তার রুবা
সুমন ইসলাম | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০০:১৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে দলীয় মনোনয়নের আলোচনায় নতুন করে উচ্চারিত হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী রুবিনা আক্তার রুবার নাম।।
আইনপেশা ও রাজনীতিতে সমান তালে সক্রিয় এই আইনজীবী ইতোমধ্যেই দলীয় অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন।।
২০১৫ সালে নিহার হোসেন ফারুক অ্যাসোসিয়েটে যোগদানের পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় লড়েছেন তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে প্রতিকূল পরিবেশের মধ্যেও ঢাকা বার নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০২২-২৩ ও ২০২৩-২৪ মেয়াদে ঢাকা বার নির্বাচনে অংশগ্রহণ করে তিনি আইনাঙ্গনে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। কারচুপি, জাল ভোট কিংবা হামলার আশঙ্কা থাকলেও পিছিয়ে যাননি; বরং সরব উপস্থিতি ও সাহসী অবস্থানের কারণে সহকর্মীদের কাছে আস্থার জায়গা তৈরি করেন।
সাংগঠনিক দায়িত্বেও তিনি সক্রিয়। ২০২২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের আস্থাভাজন হয়ে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণে দৃশ্যমান ভূমিকা রাখছেন। রাজপথ ও আদালত-দুই ক্ষেত্রেই তার সমান উপস্থিতি দলীয় মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
দলীয় সূত্র বলছে, সাংগঠনিক অভিজ্ঞতা, আইনি দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক-এই তিন শক্তিকে সামনে রেখেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন এডভোকেট রুবিনা আক্তার রুবা। মনোনয়ন পেলে সংসদে নারীর অধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি।
এখন অপেক্ষা দলের চূড়ান্ত সিদ্ধান্তের। তবে আইন ও রাজনীতির মেলবন্ধনে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।