সরকারি সফরে এসে দরিদ্রদের চিকিৎসা দিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৮
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারি সফরে নিজ এলাকায় এসে অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে জুমার নামাজ শেষে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরাসরি রোগী দেখেন তিনি।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আহমেদ আলী বলেন, মন্ত্রী মহোদয় আমাদের এলাকার মানুষ হয়েও ব্যস্ততার মাঝেও নিজ গ্রামে এসে চিকিৎসা দিচ্ছেন—এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ সময় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তিনি সবসময় তাঁর নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা দেওয়ার এই উদ্যোগ নিয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মন্ত্রীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।