রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

সরকার সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ০৯:৫০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সমাজের সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে। সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে সবাই সমানভাবে কাজ করতে পারবে—এমন পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই রাষ্ট্র ও রাজনীতির মূলধারায় নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল পাওয়া যাবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দফতর প্রতিষ্ঠা করা হয় এবং পরে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়, যা পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়।

নারীর আর্থসামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। এটিকে নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি চালু করেছে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য বিনামূল্যে বিদ্যালয় পোশাক, আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং শিক্ষায় নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি ও অপমানজনক আচরণ বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সমাজে সমতা, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করেই উন্নয়নের ভিত্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top