জুলাইকে যারা নিজেদের সম্পত্তি মনে করছেন, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৩:৪০

সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছেন, তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, “আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়।”

এ সময় তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইজিপি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দল-মত নির্বিশেষে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ অভিযান চলমান থাকবে।

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ বা গণধর্ষণের মতো ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে অপরাধ তদন্তের মান বাড়াতে সিআইডিকে আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন আইজিপি।

তিনি বলেন, পুলিশের লক্ষ্য হলো জনগণকে এমনভাবে সেবা দেওয়া যাতে থানায় আসা মানুষ হাসিমুখে ফিরে যেতে পারেন। পাশাপাশি পুলিশের সাড়া দেওয়ার সময় বা রিঅ্যাকশন টাইমও কমিয়ে আনার চেষ্টা করা হবে।

আইজিপি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা সরকারের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্যেই পুলিশ কাজ করে যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top