যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তাকে অবিচল সমর্থনের আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার মোজতবা খামেনির কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, তেহরানের প্রতি রাশিয়ার সমর্থন এবং ইরানি জনগণের প্রতি সংহতি অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, রাশিয়া অতীতে যেমন ইরানের নির্ভরযোগ্য অংশীদার ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, এমন একটি সময়ে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেছেন যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি। এই দায়িত্ব পালনে অসীম সাহস ও আত্মত্যাগের প্রয়োজন হবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, নতুন নেতাকে হত্যা করার যেকোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সাংবাদিকদের বলেন, ইরান তাদের সংবিধান অনুযায়ী নতুন নেতা নির্বাচন করেছে। অন্য কোনো দেশের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
তিনি আরও বলেন, কোনো অজুহাতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান জানানো সবার দায়িত্ব।
এর আগে গত ৪ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, ইরান যদি নতুন কোনো নেতা নিয়োগ করে এবং সেই নেতৃত্ব ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখে, তবে তাকে নির্মূল করা হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না। তার মতে, নতুন নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, না হলে তার ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।