জ্বালানি তেলের দাম নিয়ে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৫
জ্বালানি তেলের দাম আপাতত না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার ঢাকায় অনুষ্ঠিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি সরকার সবসময় সংকটকে শক্তিতে রূপান্তর করেছে এবং জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তা মোকাবিলা করেছে। অর্থনীতির বহুমাত্রিক সংকট সমাধানে প্রচলিত বা কেতাবি পদ্ধতির বাইরে গিয়ে সমন্বিত বাজেট প্রণয়নের ইঙ্গিতও দেন তিনি।
অধ্যাপক তিতুমীর আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১২ দিনের মধ্যেই দুর্বল অর্থনীতির সঙ্গে যুক্ত হয় মধ্যপ্রাচ্য সংকট। এর ফলে জ্বালানির উচ্চমূল্য নিয়ে উদ্বেগ বাড়ে, যা সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পকারখানা পর্যন্ত প্রভাব ফেলে।
তিনি জানান, এরপরও কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু রাখার লক্ষ্য থেকে সরকার পিছিয়ে যায়নি। ভর্তুকি কমিয়ে জ্বালানির মূল্য সমন্বয়ের চাপ থাকলেও কৃষি, সেচ, শিল্পকারখানা সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে বর্তমান নীতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা নেই।
আলোচনায় ঢাকা চেম্বারের সভাপতি ব্যাংক খাতে অনিয়ম ও খেলাপি ঋণের প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন বাজেটে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আরও উপযোগী সুযোগ তৈরির আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রভাব কমাতে হবে, ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করতে হবে, বন্ড বাজারকে শক্তিশালী করতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।