রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

সোমবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা সফরে যাচ্ছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৪

সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। বিএনপির স্থানীয় নেতাদের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেছিলেন, তখন তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে তার আগমন ভবিষ্যতে খুলনার শিল্পাঞ্চলের নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।

একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান বলেন, “তারেক রহমান খালিশপুরে আসায় আমরা খুশি। আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব।”

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনি কর্মসূচি নয়, এটি আমাদের জন্য একটি রাজনৈতিক বার্তা, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার সুযোগ।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top