সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সন্ধ্যা ৭টার পর মার্কেটগুলেোতে যেন বিদ্যুৎ ব্যবহার না হয়: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৩:১৬

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর মার্কেটগুলোতে বিদ্যুৎ ব্যবহার বন্ধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। এ সময় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, প্রশাসনের জবাবদিহি ও রাষ্ট্র পরিচালনার নানা বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনমতের সঠিক প্রতিফলন ঘটলেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব, যার প্রমাণ ইতোমধ্যে দেশ দেখেছে। তবে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে নির্বাচনী ব্যবস্থায় কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাও অতীতে প্রত্যক্ষ করেছে জাতি।

পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা পদোন্নতির আশায় দায়িত্ব পালনে আপস করা হলে তা সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এতে প্রশাসনে দুর্নীতি বাড়ে এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।

তিনি আরও জানান, সততা, মেধা ও দক্ষতাকে বিবেচনায় নিয়েই প্রশাসনে পদোন্নতি ও বদলির সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এক কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কিছু অগ্রগতি হলেও তা এখনো আশানুরূপ নয়। পূর্ববর্তী শাসনামলের দুর্নীতি ও ঋণের ভার বহন করেই সরকারকে এগিয়ে যেতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, অতীতে দেশকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল এবং বিচার, শিক্ষা ও দুর্নীতি দমন ব্যবস্থাকে দুর্বল করে ফেলা হয়। স্বাস্থ্য খাতও ছিল নাজুক অবস্থায়। তবুও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার, জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, পুরোপুরি বৈষম্য দূর করা না গেলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গঠনই সরকারের লক্ষ্য।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top