মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬

জোয়ান লাপোর্তা। ছবি: সংগৃহীত

আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। লাপোর্তার পদত্যাগের পর ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে জোয়ান লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। একই বৈঠকে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

লাপোর্তার সঙ্গে একযোগে আরও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—
ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত,
সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো,
এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।

তবে এসব পদত্যাগ সত্ত্বেও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে জানানো হয়েছে। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে।

এই সময়ের জন্য রাফায়েল ইউস্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারির দায়িত্বে থাকবেন জোসেপ কুবেলস, ট্রেজারার হিসেবে থাকছেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্য হিসেবে দায়িত্বে থাকবেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top