সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৯:৫৬

ছবি: সংগৃহীত

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার সুসংবাদ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরব থেকে ফেরার পথে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা ছিল। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে তৈরি হয় জটিলতা। উমরাহ শেষে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর তার ফ্লাইটটি আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সেখানে অবস্থান করতে বাধ্য হন তিনি।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, তিনি অবশেষে দেশে ফেরার বিমানে উঠেছেন। তিনি লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।

এর আগে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন। তিনি বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার (২ মার্চ) সকালেই ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top