রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

তিন দেশে ইরানের নতুন হামলা, ২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ০৯:৩০

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। এক সপ্তাহ পার হলেও এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং দুই পক্ষই পাল্টাপাল্টি হামলার মাত্রা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

ইরান দাবি করেছে, সর্বশেষ হামলায় প্রথমবারের মতো অতিদ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্তৃপক্ষ ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করলেও গত চব্বিশ ঘণ্টায় চালানো হামলায় দুই শত বিশজন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান।

শনিবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীনস্থ খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এ তথ্য জানান।

তার দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে চালানো হামলায় একুশজন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলায় প্রায় দুই শতাধিক মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

সৌদি আরবের আল-খার্জ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলার কথা উল্লেখ করেছেন ওই সামরিক কর্মকর্তা।

তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

গত আঠাশ ফেব্রুয়ারি পূর্বঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে দেশটির সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারও নিহত হন।

এর জবাবে ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান।

টানা আট দিন ধরে চলা হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। শনিবার রাতেই ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে বলেও ঘোষণা দেন তিনি।

অন্যদিকে মার্কিন এই হুমকির পর নতুন মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তৃত করার হুমকি দিয়েছে। ফলে যেসব মার্কিন অঞ্চল, বাহিনী ও সহযোগী প্রতিষ্ঠান এখনো লক্ষ্যবস্তু তালিকায় নেই, সেগুলো পর্যালোচনা করে নতুন হামলা চালানো হবে।

একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top