মোজতবা খামেনির নিয়োগে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৪:২৫

সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দিয়েছে ইরান। তবে এই নিয়োগে প্রকাশ্যে অসন্তুষ্টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, ইরানের নতুন নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। ট্রাম্পের বক্তব্যের বরাত দিয়ে কিলমিড বলেছেন, “আমি সন্তুষ্ট নই।” এই বিষয়ে কিলমিড আরও কোনো বিস্তারিত তথ্য জানাননি।

এর আগে ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের ফেলো বারবারা স্লাভিন আল-জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যেই বলেছিলেন, তিনি মোজতবা খামেনিকে পরবর্তী নেতা হিসেবে মেনে নেবেন না। তিনি মোজতবাকে ‘অদক্ষ’ নেতা হিসেবে বর্ণনা করেছেন এবং ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় ওয়াশিংটনের মতামতের সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন।

তবে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপের হুমকির পরও তেহরান দৃঢ় অবস্থান নিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিদের জন্য এটি একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। ইরান বার্তা দিচ্ছে যে, তারা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে, এবং কোনো বিদেশি শক্তি, যতই শক্তিশালী হোক না কেন, তাদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনে শক্তি ও স্বাতন্ত্র্য প্রদর্শন করছে, বিশেষ করে এমন সময় যখন দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর চাপের মুখোমুখি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top