রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১২:২২

ছবি: সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাবকে দায়ী করেছে তেহরান। এ কারণে ট্রাম্পকে এর মাশুল দিতেই হবে এবং তার আগে ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে জানিয়েছে দেশটির নেতৃত্ব।

এ কথা জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ইরান ও মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মূলত ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাবের ফল।

লারিজানি বলেন, ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন, এখানেও একই কৌশল প্রয়োগ করতে পারবেন। কিন্তু সেই পরিকল্পনা উল্টো তার জন্যই জটিলতা তৈরি করেছে।

তার ভাষায়, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল সিদ্ধান্তের কারণেই কঠিন পরিস্থিতিতে আটকে পড়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্পকে ইরান ছাড়বে না। তার নেওয়া ভুল সিদ্ধান্তের জন্য তাকে মাশুল দিতেই হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে ইসরায়েলও ইরানে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা বেড়ে গেছে।

সূত্র: সিএনএন

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top