সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

গণভোটে ‘হ্যাঁ’ ভোট তরুণদের আত্মত্যাগের প্রতি সম্মানের প্রতীক:রাবি উপাচার্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৫

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া নাগরিক দায়িত্ব ও তরুণদের রক্তের প্রতি সম্মানের প্রতীক। তিনি জানান, হাজারো তরুণের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যেতে এ ভোট গুরুত্বপূর্ণ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণভোটের কোনো নির্দিষ্ট প্রতীক না থাকলেও তার নিজের মনের মধ্যে একটি লাল মার্কা রয়েছে, যা তরুণদের রক্তের চিহ্ন হিসেবে তিনি দেখেন।

ড. নকীব আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ স্মরণ করলে বোঝা যায়, দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য গণভোটের প্রস্তুতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভোট শুধু মতপ্রকাশ নয়, বরং এটি তরুণদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও রক্তের ঋণ শোধের প্রতীক।

উপাচার্য উল্লেখ করেন, দেশে কিছু গোষ্ঠী বিদ্যমান ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সম্ভব নয়। তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ও দুর্বলতা দূর হয়েছে, আর যারা ভয় পায় না তাদের ওপর আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা ব্যর্থ হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের ১০টি পাবলিক এবং ১১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top