মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন হ্যালি বেরি, সারলেন বাগদান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন হ্যালি বেরি, সারলেন বাগদান। ছবি: সংগৃহীত

ছয় বছর আগে করোনা ভাইরাসের ভয়াল সময়ে যখন পৃথিবী থমকে গিয়েছিল, তখনই নিঃশব্দে শুরু হয়েছিল আরেকটি ভালোবাসার গল্প। বাইরে কভিডের আতঙ্ক, ভেতরে মানুষের একাকিত্ব—সেই সময় অনলাইনের এক আড্ডায় পরিচয় হয় দুই ভিন্ন জগতের মানুষের। একজন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হ্যালি বেরি, অন্যজন গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ভ্যান হান্ট।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলাদা আলাদা আলোয় ঝলমল করা এই দুই নাম মিলেমিশে তৈরি করে এক সম্পর্কের আকাশ। শুরুতে সম্পর্কটি ছিল বেশ ব্যক্তিগত। ২০২০ সালে ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে হ্যালি বেরি জানান, তিনি প্রেমে আছেন। সংক্ষিপ্ত সেই ঘোষণার পর ধীরে ধীরে ভ্যান হান্ট হয়ে ওঠেন তাঁর জীবনের নিয়মিত সঙ্গী।

২০২১ সালে অস্কারের লালগালিচায় একসঙ্গে হাজির হওয়ার মধ্য দিয়ে সম্পর্কটি প্রকাশ্যে আসে। আলো, ক্যামেরা আর শিরোনামের ভিড়েও এই সম্পর্ক কখনও তাড়াহুড়োর ছিল না।

হ্যালি বেরি-ভ্যান হান্ট। ছবি: গেটি ইমেজেস

হ্যালি বেরির জীবনে এর আগে তিনটি বিয়ে হয়েছিল। প্রতিবারই ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন গল্প এবং ভিন্ন ক্ষত। তাই ভালোবাসা থাকলেও ‘বিয়ে’ শব্দটি তাঁর কাছে ছিল ভাবনার বিষয়। ভ্যান হান্টও বিষয়টি ভালোভাবেই জানতেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিয়ের প্রস্তাব দিলেও হ্যালি তখন সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন।

সব জল্পনার অবসান ঘটে সম্প্রতি জনপ্রিয় টকশো ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’-এ। সেখানে হাজির হয়ে হ্যালি বেরি নিজেই জানান, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এখনও বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ‘আমি কখনও না বলিনি। শুধু বলেছিলাম, সময়টা তখন ঠিক হয়নি। অবশ্যই আমি তাঁকে বিয়ে করতে রাজি।’

কথার একপর্যায়ে ক্যামেরার দিকে এগিয়ে আসে তাঁর আঙুল—যেখানে ঝলমিল করছিল বাগ্‌দানের আংটি। জিমি ফ্যালন আংটির আকার নিয়ে রসিকতা করলে হ্যালি হেসে বলেন, ‘হ্যাঁ, সে আমাকে একটা ছোট্ট আংটি পরিয়ে দিয়েছে।’

হ্যালি বেরি আগেও জানিয়েছেন, ভ্যান হান্টের সঙ্গে তাঁর সম্পর্ক অন্য সব সম্পর্কের চেয়ে আলাদা। এখানে নেই কোনো তাড়া বা সামাজিক চাপ—আছে বোঝাপড়া, বন্ধুত্ব আর পরিণত ভালোবাসা। তাঁর ভাষায়, ভ্যান হান্টই সেই মানুষ, যাঁকে তাঁর আগে বিয়ে করা উচিত ছিল।

সিনেমার পর্দা আর সংগীতের মঞ্চ—দুজনের জগৎ আলাদা হলেও মাঝখানে গড়ে উঠেছে এক শান্ত, পরিণত ভালোবাসা। যেখানে খ্যাতির চেয়েও মানুষটাই বড়।

সূত্র: পিপল ডটকম



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top