মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

জুলাই–আগস্ট গণহত্যা মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ মামলার শুনানির দিন নির্ধারণ করেন। সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষ গত ১৫ ডিসেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হলেও, ওই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বৃদ্ধি চেয়ে আবেদন জানানো হয়। আপিলে দণ্ড বাড়ানোর পক্ষে মোট আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং অপর একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top