ঢাকা থেকে কয়েকটি রুটে ফ্লাইট স্থগিত, এয়ারলাইন্সকে ৪ নির্দেশনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:২৬
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষিতে ঢাকা থেকে কয়েকটি দেশের উদ্দেশ্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েল হামলা ও পাল্টা হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে এসব রুটে পরিচালিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা থেকে অপারেশন পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর জন্য চারটি নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ—
১. ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম জানাতে হবে।
২. এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে হবে।
৩. পুনর্নির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।
৪. যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল সমন্বয় জোরদার রাখতে সংশ্লিষ্ট সবার মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখতে হবে।
যাত্রীদের উদ্দেশ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁদের ভ্রমণ পরিকল্পনা রয়েছে, তাঁরা নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করবেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।