যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:৫৪
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে।
বুধবার (১৮ মার্চ) দূতাবাসের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানানো হয়, বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
দূতাবাস জানায়, এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেকেই এ ধরনের ভিসা নিয়ে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যাতে শিশু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়- এ ধরনের কার্যক্রমকে ‘জন্মভিত্তিক ভ্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি নিরুৎসাহিত করা হয়েছে।
এছাড়া বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায়- এমন কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। অর্থাৎ, এই ভিসায় গিয়ে কেউ কোনো ধরনের আয়মূলক কাজে অংশ নিতে পারবেন না।
পাশাপাশি ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য পড়াশোনা করাও নিষিদ্ধ বলে স্পষ্টভাবে জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদের জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।