প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১১:৪৮
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন থেকে স্কুলে ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। তবে বৃত্তি পরীক্ষা আগের মতোই চালু থাকবে।
সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রি কলেজ ছাড়া ইন্টারমিডিয়েট কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে।
তিনি জানান, আগামী ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি পদ্ধতি পুরোপুরি বাতিল করা হবে। ভর্তির জন্য সহজ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং এতে অতিরিক্ত প্রতিযোগিতা তৈরি করা হবে না। তার ভাষায়, লটারি কোনো শিক্ষাব্যবস্থার অংশ হতে পারে না। দীর্ঘদিন গবেষণা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ভর্তি পদ্ধতি নির্ধারণে অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তাদের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে।
তিনি লটারিকে জুয়ার সঙ্গে তুলনা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এমন পদ্ধতি গ্রহণযোগ্য নয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ কোচিং বাণিজ্য করার চেষ্টা করলে সরকার কঠোর অবস্থান নেবে। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কোচিংয়ের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।