রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের গঠনমূলক আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৫

সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফ্লোরিডায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বৈঠকে অংশ নেন।

বার্তা সংস্থা এএফপির মতে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকের একদিন পরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা শুরু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ জানান, আলোচনাটি ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে এবং রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী—এমন ইতিবাচক বার্তা পাওয়া গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম।

তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইউক্রেন বলছে, যুদ্ধ-পরবর্তী ভূখণ্ড বিষয়ে এখনও বড় মতভেদ রয়েছে। এদিকে, ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে রাশিয়া সাময়িকভাবে কিয়েভে হামলা বন্ধ রেখেছে, যা আগামী রোববার পর্যন্ত চলবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top