শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

রাশিয়া থেকে আরও ১৩ হাজার কোটি টাকার এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪

সংগৃহীত

রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার প্রয়োজনীয়তার অনুমোদন দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা।

এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক আধুনিকীকরণ ও পরিচালনাগত চাহিদা পূরণে প্রায় ৩৯ বিলিয়ন ডলারের বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিবৃতিতে সরাসরি এস-৪০০-এর উল্লেখ না থাকলেও যুদ্ধবিমান ও বহুমুখী যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টি জানানো হয়।

প্রতিবেদন বলছে, ভারতীয় বিমানবাহিনী রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ ব্যবস্থা সংগ্রহ করতে চায়, যা Pantsir-S1 স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে ব্যবহৃত হবে। অনুমোদিত ২৮৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১২০টি স্বল্পপাল্লার এবং ১৬৮টি দীর্ঘপাল্লার।

বর্তমানে ভারতের হাতে চারটি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। চলতি বছর আরও দুটি ব্যবস্থা সরবরাহ পাওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য রক্ষায় ভারতের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top