শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

আরব মিত্রদের বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:২৫

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কংগ্রেসে পাঠানো এক নোটিশে এ তথ্য জানা গেছে। প্রাথমিক হিসাবে প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের কাছে প্রায় ৮০০ কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। এতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে জর্ডানের জন্য প্রায় সাড়ে ৭ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮০০ কোটি ডলারের বেশি সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করা হবে। এসবের মধ্যে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ রয়েছে।

শুধু তাই নয়, দেশ তিনটির জন্য অতিরিক্ত আরও প্রায় ৬০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুতই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

এদিকে ইরান যুদ্ধের অবসান হলে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস পরিবহনের জন্য নতুন রুট তৈরির পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা প্রকাশ করেন, যুদ্ধে জয়ী হওয়ার পর হরমুজ প্রণালির বিকল্প হিসেবে নতুন পথ তৈরি করা হবে, যা ইসরায়েলের ভেতর দিয়ে যাবে।

বৃহস্পতিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আরব উপদ্বীপ হয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় বন্দরে আনা গেলে হরমুজ প্রণালির ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ইরান হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের অস্থিরতা তৈরি হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top