শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ ফেব্রুয়ারি মধ্যে ঘোষণা হতে পারে

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের স্পিকারের পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবারের সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান-এর নাম আলোচিত হচ্ছে।

দলীয় ও সংসদীয় সূত্রে জানা যায়, স্পিকারের নাম আগামী ২৬ ফেব্রুয়ারি’র মধ্যে ঘোষণা হতে পারে।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ বিষয়ক মামলায় তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি রাজনৈতিক পরিসরে সক্রিয়। এ কারণেই তাকে স্পিকার পদের আলোচনায় এগিয়ে রাখা হচ্ছে।

অন্যদিকে, বিএনপির প্রবীণ নেতা ড. আবদুল মঈন খান সরকারে এখনও কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত নন। তিনি নরসিংদী-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং স্পিকার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করছেন অনেকে।

স্পিকার পদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ পদ। সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ, সংসদীয় শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এই পদটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনি ব্যাখ্যা, রুলিং প্রদান এবং বিতর্ক ব্যবস্থাপনায় অভিজ্ঞ আইনজীবীর ভূমিকা কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদীয় সমীকরণ এবং দলীয় কৌশলের ওপর নির্ভর করে।

২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ সদস্যদের ভোটে নতুন স্পিকার নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে বিদায়ী স্পিকারের সভাপতিত্বে ভোটগ্রহণ হবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top