জামায়াত নেতার সঙ্গে ইফতার করে নতুন আলোচনায় আ.লীগ নেতা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১২:২৬

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে জামিনে মুক্ত উপজেলা আওয়ামী লীগের এক নেতার কার্যক্রম ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি জেলা জামায়াতের এক নেতার সঙ্গে রাস্তায় বসে ইফতার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

শুক্রবার ঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমরিয়াঘোনায় জনসাধারণের চলাচলের সড়কের ওপর এ ইফতার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ভারপ্রাপ্ত ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাকিম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ডা. এহছানুল হক।

স্থানীয়রা জানান, ইফতারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এমন প্রকাশ্য মিলনমেলা স্থানীয় রাজনীতিতে নতুন ধরনের সমীকরণ ও মেরুকরণের ইঙ্গিত দিতে পারে।

এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সোহেল জাহান চৌধুরীর একাধিক কর্মকাণ্ড নিয়েও বিতর্ক দেখা দেয়। নির্বাচনের আগ মুহূর্তে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠকের আয়োজন করেন এবং সেখানে জামায়াতের এক নেতাকে মোনাজাত পরিচালনার সুযোগ দেওয়া নিয়ে আলোচনা তৈরি হয়।

নির্বাচনের পর জামিনে মুক্ত হয়ে তিনি বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন জনসভায় অংশ নেওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top