ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশ নিয়ে সেনাসদস্যদের সঙ্গে বাকবিতন্ডায় জামায়াত প্রার্থী খালিদুজ্জামান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৮
ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এস এম খালিদুজ্জামান ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে গানম্যানসহ প্রবেশ করতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে বচসায় জড়িয়েছেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।
ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টে প্রবেশের সময় দায়িত্বরত সেনাসদস্যরা খালিদুজ্জামানের পরিচয় জানতে চাইলে তার সঙ্গে থাকা একজন জানান, তিনি ওই আসনের এমপি প্রার্থী। সেনাসদস্যরা দলীয় পরিচয় জানতে চাইলে ‘জামায়াতে ইসলামী’ বলা হয়। এরপর সেনাসদস্যরা ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের বিধিনিষেধের কথা উল্লেখ করলে এ নিয়ে তর্ক শুরু হয়।
একপর্যায়ে খালিদুজ্জামান উত্তেজিত হয়ে সেনাসদস্যদের উদ্দেশে বলেন, কিছু অফিসারের আচরণের কারণে সেনাবাহিনী ও সরকার বিতর্কিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, তারেক রহমানের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হলেও তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এ সময় তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলার কথাও বলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে চান।
ভিডিওতে আরও দেখা যায়, দায়িত্বরত সেনাসদস্য একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করেন। পরে খালিদুজ্জামান ওই কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন এবং নির্বাচন কমিশন থেকে দেওয়া নিরাপত্তার অংশ হিসেবে গানম্যান থাকার বিষয়টি তুলে ধরেন।
সেনাসদস্যরা জানান, ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর এবং সেখানে অস্ত্রসহ প্রবেশ নিষিদ্ধ। তারা বলেন, ক্যান্টনমেন্ট অতিক্রম করার পর প্রার্থীর গানম্যান আবার তার সঙ্গে যুক্ত হবেন।
একপর্যায়ে খালিদুজ্জামান তার সঙ্গে থাকা ব্যক্তিদের ভিডিও ধারণ করতে বললে সেনাসদস্যরা ক্যান্টনমেন্ট এলাকায় ভিডিও করা নিষিদ্ধ বলে জানান।
ঘটনার পুরো সময়জুড়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক চলতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত সেনাসদস্যরা নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।