সুপ্রিম কোর্ট আজ বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা বিষয়ে আদেশ দেবে
আইন আদালত ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা বিষয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দেবেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আজকের কার্যতালিকায় তিনটি পিটিশনের আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।
বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত নির্বাচনী আসন দুটি হচ্ছে কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪।
কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একপর্যায়ে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তবে একই আসনের প্রার্থী হাসান আহমেদ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
একই আসনে বিএনপি মনোনীত গফুর ভূঁইয়া নিয়ে দ্বৈত নাগরিক হওয়ার অভিযোগে ইসিতে আপিল করেন কাজি নুরে আলম সিদ্দিকি। শুনানি শেষে ১৮ জানুয়ারি ইসি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। হাইকোর্টে রিট করলে ২২ জানুয়ারি সেই রিট খারিজ করা হয়। এরপর গফুর ভূঁইয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।
অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান তার প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
আজ আপিল বিভাগ এই তিনটি প্রার্থীর প্রার্থিতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।