রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত হত্যার মামলার রায় ৫ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এর আগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলাটিতে আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় মোট ১৬ জন আসামি রয়েছেন। এর মধ্যে আটজন গ্রেফতার হয়েছেন এবং আটজন পলাতক রয়েছেন। গ্রেফতার আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল। সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুলসহ আরও আটজন এখনো পলাতক রয়েছেন।

মামলায় আসামিদের একজন শেখ আবজালুল হক রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে শহীদদের পরিবার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হন। ওই রাতেই আশুলিয়া থানার অদূরে নবীনগর-চন্দ্রাগামী মহাসড়কের পাশে ‘পুলিশ’ লেখা একটি পিকআপ ভ্যানে আগুনে পোড়া অন্তত দুটি লাশ দেখা যায়। থানার সামনে পাওয়া যায় আরও একটি অগ্নিদগ্ধ লাশ। পাশাপাশি একটি পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় ক্ষত-বিক্ষত দুই পুলিশ সদস্যের লাশ। স্থানীয়দের ধারণা ছিল, পিকআপ ভ্যানে আরও একাধিক লাশ থাকতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top